কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া ৪ (কুমারখালী খোকসা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিএনপি’র বিকল্প নেই। দেশের বিদ্যমান সমস্যা সমাধান করতে বিএনপিকেই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। খোকসা ও কুমারখালী থেকে বার বার আপনারা আমাকে ভোট দিয়ে ঋনী করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবারও আপনাদের সেবা করার সুযোগ দিতে ধানের শীষে ভোট দিন। তিনি আরো বলেছেন, দেশকে অস্থিতিশীল ও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি দল কলকাঠি নাড়ছে। নির্বাচনের দিন অনাকাঙ্খিত ঘটনা এড়িয়ে চলতে হবে। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক জনসভায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী এসব কথা বলেছেন।
জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম পরামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার শরিফুল ইসলামের সঞ্চালনায় উক্ত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমারখালী বিএনপির সাবেক সভাপতি কে আলম টমে, বিএনপি নেতা হাফিজ চেয়ারম্যান, কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু প্রমুখ। এর আগে বিকেলে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমেছ আলীর সভাপিত্বে উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিএনপি নেতা খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন, আকরামুল হক মিঠুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
