বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে। নির্ঘুম চোখে নিজের প্রতীককে বিজয়ী করতে বিভিন্ন দলীয় প্রার্থীরা ভোটারদের কাছে সরাসরি যেয়ে ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের প্রচারনাও থেমে নেই। নির্বাচনী আচরন বিধি মেনে সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত আসনটির বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এতে সভাপতিত্ব করেন আলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওলি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ। এছাড়া সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায্য অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। তারা দাবি করেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, প্রকৌশলী জাকির হোসেন সরকার নির্বাচিত হলে আলামপুর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছেন, বিশেষ করে বেকারত্ব ও নাগরিক সেবার অভাবে ভুগছেন। ধানের শীষ নির্বাচিত হলে সবার আগে এসব মৌলিক সমস্যার সমাধানে কাজ করব ইনশাআল্লাহ। এলাকার প্রতিটি রাস্তা উন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করাই হবে আমার অগ্রাধিকার। তিনি আরো বলেন, কোনো দুর্নীতি নয়, স্বজনপ্রীতি নয়। জনগণের টাকায় জনগণের উন্নয়ন হবে। যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে। এই নির্বাচন শুধু একজন প্রার্থী নির্বাচনের নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকারের লড়াই। তাই আগামী ১২ তারিখ সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন।
