বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ সদর আসনের অন্তর্গত জিয়ারখী ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জিয়ারখী ইউনিয়ন বিএনপির আয়োজনে পুরো ইউনিয়নে জনবহুল স্থানে ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করা হয়। এ কর্মসূচিতে আসনটিতে বিএনপির মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার অংশ গ্রহণ করেন। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ মোল্লার সার্বিক তত্বাবধানে ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব প্রমূখ।
প্রচারনাকালে প্রকৌশলী জাকির হোসেন সরকারকে দেখা গিয়েছে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন। জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমি আপনাদেরই সন্তান, এই ইউনিয়নের কমলাপুর গ্রামে আমার জন্মস্থান। আপনাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে পাশে আছি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়বিচারের প্রশ্নে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও থাকতে চাই। দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়নে ও সু-শৃঙ্খল পরিবেশের জন্য ধানের শীষের উপর ভরসা রাখুন। কথা দিচ্ছি বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমরা তথা বিএনপি এমন একটি সমাজ চাই, যেখানে তরুণরা চাকরির জন্য হাহাকার করবে না, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার অধিকার পাবে, আর সাধারণ মানুষ নিরাপদ ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবে। আমি কথা দিচ্ছি আপনাদের ভোট ও সমর্থন পেলে কুষ্টিয়াকে একটি উন্নয়ন, ন্যায় ও মানবিকতার মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
