বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায়, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে কুষ্টিয়া শহরে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া-৩ সদর আসনের অন্তর্গত পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে, লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন, বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
কর্মসূচির অংশ হিসেবে রেলস্টেশনসহ এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন বিএনপির নেতারা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু তালেব ও আব্দুল মঈদ বাবুল, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে জনগণকে সচেতন ও সংগঠিত করতে বিএনপির এই ৩১ দফা কর্মসূচি ঘোষিত হয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই কর্মসূচি চলমান থাকবে। তিনি বলেন, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৩৭ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
আমরা সকলে মিলেমিশে একসঙ্গে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করবো। মনোনয়ন দেওয়ার পর যে বিশৃঙ্খলা হয়েছে আশাকরি সেটা আর হবে না। ৩১ দফা জনগণের আশা আকাঙ্খার প্রতীক। দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, সেই বিষয়টি তারেক রহমানের মনের কথা নয়, এটা জনগণের মনের কথা। সে লক্ষ্যে তারেক রহমানের মাধ্যমে বিএনপি জনগণের মনের কথা ৩১ দফা কর্মসূচিতে প্রকাশ করেছেন। ৩১ দফা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ব্যাপক ভাবে জনগণের সাড়া পাচ্ছি। আমরা আশাকরি ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে এদেশের জনসাধারন ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তথা ধানের শীষকে সমর্থন দিবে এবং ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।
আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কুষ্টিয়ার রেল লাইন প্রতিস্থাপন করতে চাই। কুষ্টিয়া হবে অন্যতম সুন্দর শহর, জনগণের কোন ভোগান্তি থাকবে না। কুষ্টিয়া গড়াই নদীর ধার দিয়ে চলাচলের ব্যবস্থা করবো। হরিপুর ব্রিজ থেকে শুরু করে সৈয়দ মাসুদ রুমি ব্রিজ পর্যন্ত সংযোগ ব্যবস্থা করলে শহরটা সুন্দর হবে। নদীর ওই পার দিয়ে চলাচলের ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচনে আসনটিতে ধানের শীষের বিজয় হলে জনগণের কল্যানে কাজ করবো।
