দৌলতপুর সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এম বাবু (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে তাকে আটক করা হয়। পরে গতকাল বিকেল ৪টার দিকে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটককৃত ভারতীয় নাগরিক এম বাবু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ শেখ এর ছেলে।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৪/১-এস-এর কাছাকাছি, বাংলাদেশ অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে ডিগ্রীরচর নামক স্থানে নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

অন্যদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি; তবে এখন পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করা হয়নি। এর আগে নভেম্বরে ২২ তারিখ  জামালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ওপেনদার (৩০) নামে এক ভারতীয় যুবককে আটক আটক করে। বিজিবি সুত্রে জানায়, দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/৬-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ক্যাম্পপাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর নাম ওপেনদার এবং বাড়ি ভারতের বিহার রাজ্যের উচ্ছাগাও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামে বলে জানান।