দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার আলোচিত দুই শীর্ষ সন্ত্রাসীকে জনি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নাটোরের বড়াইগ্রাম হাইওয়ে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ভেড়ামারা থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। আটককৃতরা হলেন, জামালপুর গ্রামের কাবের আলীর ছেলে নাজমুল (৩৫) এবং একই এলাকার ছামুর ছেলে লালু (৪৬)। তারা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত এবং তাদের নামে একাধিক হত্যা, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।
এর আগে হত্যার দিনগত রাতেই এ মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, জামালপুর গ্রামের দুল্লোব আলীর ছেলে সিকান্দার আলী (৬০) এবং জাহিদুল ইসলামের ছেলে আসিফ হোসেন (১৫)। এ নিয়ে মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ। হত্যাকাণ্ডের পর নিহত জনির মা হাসু খাতুন বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রথম দুই আসামিকে গ্রেপ্তার করে এবং আজ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় দুপুরে প্রকাশ্য দিবালোকে জনি হোসেন (৩২) কে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়।
ওই অঞ্চলের চিহ্নিত শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী সোহান, লালু, নাজমুলসহ ৩০-৪০ জন এই হত্যাকাণ্ডে অংশ নেয়। নিহত জনি ছিলেন জামালপুর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। জনি দীর্ঘদিন ধরে সোহানের হয়ে অস্ত্র ও মাদক বহনের কাজ করতেন। কিন্তু পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ২৮ নভেম্বর সন্ধ্যায় তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। এতে জনির পিঠে সেলাই দিতে হয় এবং সোহান তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। প্রাণভয়ে সেদিন রাতেই জনি মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় আশ্রয় নেন। পরদিন শনিবার দুপুরে বাড়ি ফেরার সময় সোহানের নেতৃত্বে বড় একটি সশস্ত্র দল জনির ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে নিশ্চিত মৃত্যু ঘটানো হয়। আতঙ্ক ছড়াতে হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।
এবিসয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া পুলিশের একটি টিম নাজমুল ও লালুকে বড়াইগ্রাম হাইওয়ে এলাকা থেকে আটক করে সন্ধ্যায় দৌলতপুর থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, জনি হত্যা মামলার ১ ও ৫ নম্বর আসামি ঢাকায় পালিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাদের আমার একটি টিম আটক করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
