এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে বিএনপির আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনের নামে প্রহসন করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল।
ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পর দেশে অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণায় সারা দেশে নির্বাচনের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী প্রচারণায় নেতা কর্মীদের ভিন্ন দল ও মতের প্রতি সহনশীল থেকে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট ভিক্ষা চাওয়ার পরামর্শ দিয়ে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে অতএব কোন দলকে ছোট করে দেখার অবকাশ নেই।
বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ৩১ দফা দৌলতপুরের প্রত্যেকটি ভোটারের মাঝে পৌঁছিয়ে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর বাংলাদেশে নাগরিক অধিকার, সরকারব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, সাংবিধানিক অধিকার কেমন হবে তা জানাতে হবে। পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব জহুরুল করিম বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনী আলোচনা সভা শেষে দলীয় নেতা কর্মীদের নিয়ে পিয়ারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় গণসংযোগ করেন।
