দৌলতপুরে শ্যুটার শামীমকে কারাগারে প্রেরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে শ্যুটার শামীমকে কারাগারে প্রেরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২০, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার পলাতক আসামি শামীম ওরফে শ্যুটার শামীম (২০) কে গ্রেপ্তার করেছে সিআইডি ও দৌলতপুর থানা পুলিশের যৌথ টিম। গত মঙ্গলবার বিকেলে ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ফিলিপনগর এলাকার মজিবর রহমানের ছেলে। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু কে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় শুটার শামীমকে গ্রেপ্তার করে গতকাল বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি টুকু তার গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী দিয়ে স্থানীয় আধিপত্য বিস্তার, হাট, ঘাট ও বাজার দখল, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা ধরণের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এসব সন্ত্রাসী কর্মকান্ডের বিরোধীতা করায় বাহিনী প্রধান টুকুর নেতৃত্বে তার বাহিনীর সন্ত্রাসীরা চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু কে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়। শুটার শামীম গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, সেন্টু  চেয়ারম্যান হত্যা মামলাটি সিআইডি তদন্ত করছে।

মঙ্গলবার বিকেলে সিআইডি পুলিশ ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে শামীম নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়া সিআইডি পুলিশের পরিদর্শক মহাব্বত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে শামীম কে গ্রেপ্তার করা হয়েছে। তবে সে সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার এজাহারে নামীয় আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক শামীমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।