দৌলতপুরে শীতবস্ত্র-শিক্ষা উপকরণ ও মেধাবৃত্তি প্রদান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে শীতবস্ত্র-শিক্ষা উপকরণ ও মেধাবৃত্তি প্রদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মানব কল্যাণ সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ময়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এএফ মোস্তফা কামালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. তাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডিজিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ.ম. আসাদুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগোয়ান মহিলা কলেজের সহকারী অধ্যাপক এসএম ওয়াজেদ আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব কল্যাণ সংগঠনটি ২০১২ সাল থেকে অত্র এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবছর দৌলতপুর এলাকার ১০০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে এলাকার কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা উপকরণ ও মেধাবৃত্তি প্রদান করা হয়। এ সময় ৯ জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি এবং ৫০ জন শিক্ষার্থীর মাঝে ব্যাজ বিতরণ করা হয়। বক্তারা সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিদের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান, যাতে শীতকালে কোনো মানুষ কষ্টে না থাকে।