দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস দফাদার (৫৫) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস দফাদার উপজেলার তারাগুনিয়া জদ্দারপাড়া এলাকার মৃত আজিম দফাদারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরদৌস দফাদার প্রয়োজনীয় ঔষধ কেনার জন্য বাজারে গিয়েছিলেন তিনি থানার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হুমায়ুন কবির ইস্টার (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয় একজন ব্যবসায়ী এবং মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত চালককে চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
