দৌলতপুরে মাদক মামলায় ৪ জনের কারাদন্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মাদক মামলায় ৪ জনের কারাদন্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রশাসনের পৃথক অভিযানে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (১ এপ্রিল) দুপুর ও বিকেলে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়ন দৌলতপুর সেন্টার মোড় বাজারে অবস্থিত মেসার্স ফাহিম ট্রেডার্স এ অবৈধভাবে তেল মজুদের খবর পেয়ে ইউএনও অনিন্দ্য গুহর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক মো. মিরাজুল ইসলাম (৪৫) এর দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ২১৪ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে, দুপুর ১ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা এলাকায় আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  এ অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়। মাদক সেবনের অপরাধে আনারুলের ছেলে মিলন (২৪) ও তাজু মণ্ডলের ছেলে সুজন (৩২) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, মাদক বিক্রয়ের দায়ে শামসুল ইসলামের ছেলে সেলিম (৪৩) ও রাজু মণ্ডলের ছেলে আবুল (৪০) কে ছয় মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত চারজনই আল্লারদর্গা এলাকার বাসিন্দা। অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল মজুদসহ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।