দৌলতপুরে মাদক ব্যবসায়ী-চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মাদক ব্যবসায়ী-চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না: বাচ্চু মোল্লা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৫

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন রামকৃষ্ণপুরের বিভিন্ন ওয়ার্ডে দিনভর কর্মী সমাবেশে ও পথসভা করেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। গতকাল শনিবার (২২ নভেম্বর) ইউনিয়নের হায়দারের চরে পথসভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে গড়ের পাড়া, মরারচর, চরপাড়া, চল্লিশপাড়া, মহম্মদপুর, ঠোটারপাড়া ও মুন্সিগঞ্জে পথসভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন। বিভিন্ন পথসভায় দৌলতপুর উপজেলা বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দীর্ঘ সতের বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসীদের অভয়ারণ্যৈ পরিনত হয়েছিল, মাদকের কবলে পড়ে যুবসমাজ ধ্বংসের মুখে, চাঁদাবাজদের দৌরাত্ম্যে সারাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ।

দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রামে হাজার হাজার নেতা কর্মীদের জীবনের বিনিময়ে অর্জিত নতুন এই দেশে আগামীর নির্বাচনে এম,পি নির্বাচিত হলে দৌলতপুরের মাটিতে কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা হবেনা। নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সীমান্তবর্তী ইউনিয়নকে অস্ত্র,ও মাদকমুক্ত করতে আপনাদের সচেতন হতে হবে, যারা অস্ত্র ও মাদকের সাথে জড়িত প্রশাসনের সহায়তায় তাদের আইনের আওতায় আনতে সহযোগিতা করতে হবে। দলের নেতা কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন নিজদলের নেতা কর্মীরা কোনো প্রকার অন্যায় কাজে জড়িত হলেও কোনো রকম ছাড় দেয়া হবে না। এখন থেকেই খারাপ চিন্তা ভাবনা ছেড়ে মানুষের কল্যাণে কাজ করার চিন্তা ভাবনা করুন।

নেতা কর্মীদের নিজেদের মধ্যে রাগ ক্ষোভ, ভুল বোঝাবুঝি ও বিভেদের কথা উল্লেখ করে বলেন, আপনাদের মাঝে একে অপরের সাথে ভুল বোঝাবুঝির কারণে অনেকের  গোস্যা থাকতে পারে কিন্তু বেগম খালেদা জিয়ার স্বার্থে, তারেক জিয়ার স্বার্থে ধানের শীষের প্রতি গোস্যা করবেন না। তিনি নদী কবলিত ইউনিয়নবাসীর যাতায়াত সমস্যার দুর্ভোগ লাঘবে আশ্বস্ত করে বলেন বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের ইউনিয়নে প্রয়োজনীয় দুটো ব্রিজের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। পথসভায়  উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সহ-সভাপতি রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মাহবুবুর রহমান লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।