দৌলতপুরে ভুয়া প্রশাসনিক পরিচয়ে অর্থ দাবির অভিযোগ, প্রশাসনের সতর্কতা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ভুয়া প্রশাসনিক পরিচয়ে অর্থ দাবির অভিযোগ, প্রশাসনের সতর্কতা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসকের রেফারেন্স ব্যবহার করে সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ইটভাটা থেকে অর্থ দাবির অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের অপকর্ম বলে ধারণা করছে প্রশাসন। জানা গেছে, এয়ারটেল অপারেটরের ব্যবহৃত ০১৬২৪৯৮২০৬১ নম্বর থেকে ফোন করে কুষ্টিয়া জেলা প্রশাসকের রেফারেন্স দেখিয়ে নিজেকে দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে গত শুক্রবার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে টাকা দাবি করা হয়। বিষয়টি জানাজানি হলে প্রশাসকের নজরে আসে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ “এসিল্যান্ড দৌলতপুর” নামের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় জানান, উক্ত নম্বর থেকে ফোন করে অর্থ দাবি করার সঙ্গে উপজেলা প্রশাসকের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে বিভ্রান্ত না হয়ে দ্রুত বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী অথবা উপজেলা প্রশাসকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে বিষয়টি নিয়ে দৌলতপুরের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন করে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেন। তাদের সঙ্গে এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন হননি বলে তারা জানান। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন,“এখন পর্যন্ত কোনো ভুক্তভোগীর লিখিত বা মৌখিক অভিযোগ আমরা পাইনি। তবে সতর্কতার অংশ হিসেবে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।” এদিকে, এয়ারটেল অপারেটরের ব্যবহৃত ওই নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।