দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের এক পর্যায়ে বড় ভাই মিরাজ মন্ডল (৭০) ছোট ভাই খেদু মন্ডল (৬০) এর ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।
এতে খেদু মন্ডলের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। মিরাজ মন্ডল ও খেদু মন্ডল একই এলাকার মৃত ফড়ং মন্ডলের ছেলে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মাথায় ১০ থেকে ১৫টি সেলাই দিতে হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিরাজ মন্ডল ও তার ছেলে আলিফ (৪৫)-কে আটক করেছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ভাইয়ের হাতে ভাই আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
