দৌলতপুরে বিদ্রোহী প্রার্থী; বিএনপির নতুন চ্যালেঞ্জ! - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিদ্রোহী প্রার্থী; বিএনপির নতুন চ্যালেঞ্জ!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে দলীয় বিদ্রোহ দমন করতে সক্ষম হলেও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এখনো বিদ্রোহী প্রার্থী নিয়ে চাপে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন নুরুজ্জামান হাবলু মোল্লার হাতে তার নির্বাচনী প্রতীক মোটরসাইকেল মার্কা তুলে দেন। এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ নির্বাচনে প্রার্থীতা অব্যাহত রাখায় নুরুজ্জামান হাবলু মোল্লাকে দল থেকে বহিস্কার করেছে বিএনপি।

বুধবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিদ্রোহী প্রার্থী হাবলু মোল্লা দাবি করেন, তার লড়াই বিএনপি বা ধানের শীষের বিরুদ্ধে নয়, বরং দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। নাম উল্লেখ না করলেও তিনি কুষ্টিয়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চুর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্বসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। ঐ আসনে নুরুজ্জামান হাবলু মোল্লা নির্বাচনী প্রার্থী হিসেবে বহাল থাকায় বিএনপির নির্বাচনী সমীকরণ বেশ কিছুটা কঠিন হয়ে পড়লো। স্থানীয়দের দাবি, এ আসনে জামায়াতের নির্বাচনী লড়াই বেশ কিছুটা সহজ হয়ে গেলো। অন্যদিকে, এসব অভিযোগ ও বিদ্রোহী প্রার্থীর অবস্থানকে গুরুত্ব দিতে নারাজ মনোনীত প্রার্থীর সমর্থকরা। তাদের দাবি, কুষ্টিয়া-১ আসনে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছেন এবং বিদ্রোহী প্রার্থীর তেমন কোনো প্রভাব নেই।