দৌলতপুরে বিএনপি নেতার অস্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিএনপি নেতার অস্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২১, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতা লিয়াকত আলির পিস্তল লেনদেনের এক মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত রোববার (১৯ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। লিয়াকত আলি দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা লিয়াকত আলী টেবিলের নীচ থেকে একটা পিস্তল টেবিলের উপরে রাখেন। তার পাশের চেয়ারে বসা এক যুবক সেই পিস্তলটি হাতে নেন এবং বিভিন্ন কায়দায় চেক করছেন। এ সময় তাদের সামনে আরও দুজন ব্যক্তি বসে ছিলেন। লিয়াকত আলী নিজ অফিস কক্ষে বসে অস্ত্র মাদক ব্যবসা করেন বলে অভিযোগ রয়েছে। নিজ অফিস কক্ষে বসে অস্ত্র বিক্রি করছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে মাদক অস্ত্রসহ ৭-৮টি মামলা রয়েছে। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলির সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এ দিকে খবর পেয়ে ওইদিন ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে অভিযান চালান যৌথবাহিনী।

অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ নগদ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় বিএনপি নেতার ছেলে ও স্ত্রীকে আটক করে যৌথবাহিনী। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা। তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ নগদ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। আরোও জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মেম্বরকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে দৌলতপুর বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল তাকে মরিচা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিস্কার করেন। দৌলতপুর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শের আলী সবুজের প্রেরিত বিজ্ঞপ্তি সূত্রে বহিস্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দৌলতপুর বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গলের বরাত দিয়ে দেওয়া তথ্যে জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী মেম্বরকে বহিষ্কার করা হলো।

নির্দেশক্রমে দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। তথ্য প্রেরণে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শের আলী। এদিকে লিয়াকত আলী মেম্বরকে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন  দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। তিনি বলেন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে লিয়াকত আলীকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে লিয়াকত আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও ইয়াবাসহ তার ছেলে ও স্ত্রীকে আটকের বিষয়ে রবিবার জানতে চাইলে শহীদ সরকার মঙ্গল জানান, ঘটনার সত্যতা পেলে লিয়াকত আলীকে বহিষ্কার করা হবে।

ঘটনার সত্যতা পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে। উল্লেখ্য, রবিবার ভোররাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের সাবেক ইউপি সদস্য ও নবগঠিত মরিচা ইউনিয়ন বিএনপির ৪নম্বর যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা এবং ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আবরাহাম লিংকন (২৪) কে আটক করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে জানিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।