দৌলতপুর প্রতিনিধি ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি দৌলতপুর উপজেলা বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুজ্জামান শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করা হয়েছে। তাঁরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।
