দৌলতপুরে বজ্রপাতে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বজ্রপাতে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১০, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪জনকে দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার (৯ অক্টোবর) বেলা তিনটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়িরপাড়া ও ফারাকপুর বটতলা নামক স্থানে এ স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হোসেনাবাদ গড়িরপাড়া গ্রামের মৃত ময়েন উদ্ধীনের ছেলে নিজাম উদ্দীন (৪৮), মোজাম আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), মৃত হাউস আলীর ছেলে আওলাদ হোসেন (৬০) ও পাড়া ফারাকপুর বটতলা গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হোসেনাবাদ গড়িরপাড়া গ্রামের গ্রামের ৮ জন শ্রমিক স্থানীয় মাঠে কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে হঠাৎ বৃষ্টির সাথে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এ সময় বৃষ্টিপাতের কারণে শ্রমিকরা বাড়ি না ফিরে মাঠের মধ্যেই টিনের চালা দেয়া একটি মাচায় বসে খোশ গল্প করছিলেন। বেলা ৩টার দিকে বিকট শব্দে বজ্রপাত ঘটলে শ্রমিক নিজাম উদ্দীন, তরিকুল ইসলাম ও আওলাদ হোসেনসহ সবাই গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহদের মধ্যে একজনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি রেখে তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও আরেকজনের অবস্থা আশংকাজনক না হওয়ায় চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। এদিকে প্রায় একই সময় পৃথক আরেকটি ঘটনায় ফারাকপুর বটতলা নামক স্থানে বৃষ্টিপাতের সময় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে জহুরা খাতুন নামে এক নারী আহত হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকেও মৃত ঘোষনা করেন। দৌলতপুর থানার উপ-পরিদর্শক খসরুজ্জামান জানান, নিহত পুরুষ তিনজন শ্রমিক ও নারী গৃহিনী। সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত করা হবে কি-না সে বিষয়ে নিহতের পরিবার ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু জানান, দুটি ঘটনায় তার ইউনিয়নে ঘটেছে। একই দিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যুর বিষয়টি খুবই মর্মান্তিক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম তুহিন বলেন, বজ্রপাতের ঘটনায় মোট ৯ জনকে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে ৪জন হাসপাতালে আসার পূর্বেই মারা যায়। আহতদের মধ্যে একজনকে দৌলতপুর ও ৩ জনকে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।