দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশ ক্যাম্প স্থাপন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশ ক্যাম্প স্থাপন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৩, ২০২৬

 

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এতে দীর্ঘদিনের আতঙ্ক ও অস্থিরতার পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পদ্মা নদীর তীরঘেঁষা ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। দৌলতপুর থানা থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত এ চরাঞ্চল দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা অবনতির কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছিল।উল্লেখ্য,৫ আগস্ট ২০২৪ তারিখে রাজনৈতিক পটপরিবর্তনের পর ফিলিপনগর ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে ইউনিয়ন পরিষদে নিজ কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনার পর থেকেই পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী সক্রিয় হয়ে ওঠে।

ফলে ফিলিপনগরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়,সন্ত্রাস ও চাঁদাবাজি,মাদক ও অস্ত্র কারবার বেড়ে যাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে।বিশেষ করে সীমান্তবর্তী ও দুর্গম চরাঞ্চল হওয়ায় অপরাধীরা সুযোগ নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে।তবে স্থানীয় সুশীল সমাজ, সচেতন নাগরিকবৃন্দ এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় অবশেষে পুলিশ ক্যাম্প স্থাপন সম্ভব হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে খুলনা রেঞ্জ পুলিশ, জেলা প্রশাসন কুষ্টিয়া, পুলিশ সুপার কার্যালয় কুষ্টিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর এবং দৌলতপুর থানার সার্বিক সহযোগিতা ছিল বলে জানা গেছে। স্থানীয়দের মতে, পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি ও মাদক কারবার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এতে ফিলিপনগরসহ চরাঞ্চলের সাধারণ মানুষের মাঝে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, “দৌলতপুর থানায় যোগদানের পর থেকেই চরাঞ্চল ফিলিপনগর, মরিচা ও চিলমারী ইউনিয়ন এলাকায় অপরাধপ্রবণতার বিষয়ে অবগত ছিলাম

জনস্বার্থে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আশা করি, এর মাধ্যমে এলাকায় সকল ধরনের অপরাধ দমন সম্ভব হবে এবং সাধারণ মানুষ সুফল পাবে।”তিনি আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।স্থানীয়ভাবে আরও জানা গেছে,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফিলিপনগরে পূর্বের ন্যায় পুনরায় র‌্যাব ক্যাম্প স্থাপনের দাবিও উঠেছে।চরাঞ্চলের সন্তানগন সরকারের বিভিন্ন উচ্চ দপ্তরে দায়িত্বরত তাদের সহযোগিতায় স্থায়ী র‌্যাব ক্যাম্প স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে।তবে এলাকাবাসী মনে করছেন,স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ফিলিপনগরসহ পদ্মার চরাঞ্চলে টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব হবে।