দৌলতপুরে ট্রাক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ট্রাক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জল হোসেন (৩০) নামে এক ট্রাক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খলিসাকুন্ডি বাজারের একটি দুইতলা ভবনের দ্বিতীয়তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত উজ্জল হোসেন খলিসাকুন্ডি এলাকার ঈমান আলীর ছেলে এবং সে পেশায় ট্রাক চালক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, খলিসাকুন্ডি বাজারের আসাদুল হকের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন ট্রাক চালক উজ্জল হাসেন। গতকাল মঙ্গলবার বিকেলে ওই বাড়ি থেকে দূর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক আসাদুল হক তালাবদ্ধ ঘর খুলে উজ্জলের অর্ধগতি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ ওই কক্ষে আটকিয়ে রেখে বাইরে থেকে তালা ঝুলানো হয়। বাড়ির মালিক আসাদুল হক জানান, ৭ মাস আগে উজ্জল তার বাড়ির বাসা ভাড়া নিয়ে থাকতো সেখানে। গত ১০ ফেব্রুয়ারি রাতে উজ্জল আমার ছেলেকে ফোন দিয়ে বাসাভাড়া বাবদ ৩ হাজার টাকা দেয়। এরপর থেকে তার সাথে আমাদের আর যোগাযোগ হয়নি। আজ (গতকাল) তালাবদ্ধ ঘর খুলে তার লাশ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, খলিসাকুন্ডি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে উজ্জল হোসেন নামে এক ট্রাক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ ওই কক্ষে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।