দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মাটি ব্যবসায়ী ও ট্রাকের ড্রাইবারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় আলমগীর হোসেন (৩৫) ও শাহ আলম (৩০) নামে দুইজনের উপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মাটি ব্যবসায়ী আলমগীর হোসেন একই ইউনিয়নের চামনাই গ্রামের মোঃ আসলাম হোসেনের ছেলে ও ট্রাক ড্রাইভার শাহ আলম জয়রামপুর গ্রামের খাত্তাব উদ্দিনের ছেলে। হামলায় শাহ আলম গুরুতর আহত হওয়ায় বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। হামলার ঘটনার পর আল্লারদর্গা বাজারে কুষ্টিয়া প্রাগপুর সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন গাড়ির ড্রাইভার ও শ্রমিকেরা। এ সময় প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতী নিয়ন্ত্রনে আনে।
হামলার ঘটনায় দৌলতপুর থানায় ১ জানুয়ারি একটি মামলা হয়েছে, যার নং ২। মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে মাটি ব্যবসায়ি আলমগীর হোসেন মোটরসাইকেলে নিজ বাড়ী থেকে তারাগুনিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে জয়রামপুর বাজারে পৌছালে জয়রামপুর গ্রামের কিশোর গ্যাং এর সদস্য ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মোঃ রিগান মোল্লা (২৮) এর নেতৃত্বে, মোঃ রাবির মোল্লা (৩২), মোঃ সৈকত মোল্লা (২৬), মোঃ মহির মোল্লা (২০) সহ আরো ২-৩ জন আলমগীর এর মোটরসাইকেল থামিয়ে তাকে অন্যায় ভাবে মারধর করে এসময় শাহ আলম মারপিট ঠেকাতে গেলে তাকেও দেশিও অস্ত্র, লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে।
এসময় আসামিরা আলমগীরের ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে। আলমগীর ও শাহ আলমের চিৎকারে আশ পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল রেফার্ড করেন। হামলার ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, গত মঙ্গলবার জয়রামপুরে আলমগীর হোসেন ও শাহ আলম নামে দু’জনের উপর হামলা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলোমান।
