দৌলতপুরে গলায় ওড়না পেঁচিয়ে শিশুকে হত্যা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে গলায় ওড়না পেঁচিয়ে শিশুকে হত্যা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৯, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আফিয়া নামের আড়াই বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত নিহতের চাচি কল্পনা আক্তারকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আফিয়া দক্ষিণ দাড়ের পাড়া গ্রামের শাহিন সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গাছে আফিয়াকে ঝুলতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শিশুটির বাবা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে আফিয়ার ছোট চাচি কল্পনা আক্তার (২০) জড়িত। পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কল্পনা আক্তার শিশুটিকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত কল্পনা আক্তারকে আটক করে হেফাজতে নেয়। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, আড়াই বছরের শিশু হত্যার ঘটনায় কল্পনা আক্তার নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।