দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে খেলতে খেলতে ঘরে রাখা কীটনাশক খেয়ে মিম খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আপন ভাই ৫ বয়সী আলিফ আলী গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল বুধবার (৩ জুলাই) দুপুর একটার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। নিহত মিম খাতুন সোনাইকুন্ডি গ্রামে শুভ আলীর মেয়ে।
শুভ বলেন, আমি মাঠে ছিলাম। গতকাল দুপুর একটার দিকে মাঠ থেকে বাড়ি এসে দেখি শিশুরা কাদছে, চিৎকার করছে, তাদের মুখ থেকে লালা ঝরছে। পরে তাদের নিয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটার দিকে মেয়ের মৃত্যু হয়েছে। ছেলে চিকিৎসাধীন রয়েছে। খেলতে খেলতে ঘরে রাখা বিষ খেয়েছিল তারা। একই তথ্য দিয়েছেন শিশুর মা নাহিদা খাতুন ও দাদী রশুনা খাতুন।
এ বিষয়ে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, বিষপানে একটি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ঘরে রাখা বিষ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
