দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে মাটিকাটা ও পরিবহন করার অপরাধে হামিদুর রহমান নামে এক শেলো ইঞ্জিন চালিত স্টেয়ারিং চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত ২৯ এপ্রিল সোমবার রাতে উপজেলার জয়রামপুর এলাকা থেকে মাটি বহনকারী ওই শেলো ইঞ্জিন চালিত স্টেয়ারিং এর চালককে মোবাইল কোটের মাধ্যমে বালুমাহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক এ দন্ডাদেশ প্রদান করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায় উপজেলার নারায়ণপুর গ্রামের সাদ্দাম ও রেফায়েতপুর গ্রামের জুয়েলের নেতৃত্বে কিশোরনগর গ্রামে অবৈধভাবে ফসলি জমি কেটে তার মাটি বিভিন্ন ইট ভাটায় বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি বোঝাই ঐ স্টারিং চালককে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উল্লেখ্য এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করার মহোৎসব চলছে বলে অভিযোগ করেছে সাধারণ মানুষ। এতে করে বিভিন্ন এলাকার রাস্তাঘাট অনেকটাই ভেঙেচুরে নষ্ট হয়ে যাচ্ছে।
