দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও দৌলতপুর কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহাফুজুল আলম এর পিতা সাইদুর রহমান (৭২) ইন্তেকাল করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দিবাগত রাত ২টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল রবিবার দুপুর ২টায় দৌলতপুর উপজেলার চকদৌলতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুম সাইদুর রহমানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
জানাজা নামাজে মরহুমের আত্মার শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আলতাফ হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন, মরহুমের ছোটভাই মো. আনারুল ইসলাম ও মরহুমের একমাত্র সন্তান দৈনিক ইনকিলাব পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক মো. মাহাফুজুল আলম। জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সুধীজনজন ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেয়।
এদিকে দৈনিক ইনকিলাব প্রতিনিধির পিতৃবিয়োগে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তিনি জানাজা নামাজে উপস্থিত হতে না পারায় দু:খ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসাথে দৌলতপুর প্রেসক্লাবের সকল সদস্য ও সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এরআগে শনিবার সন্ধ্যায় সাইদুর রহমান হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
