দৌলতপুরে অ্যালকোহল পানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে অ্যালকোহল পানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৭, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল সেবনে হাকিম আহমেদ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে পয়জনিংয়ের ফলেই তার মৃত্যু হয়েছে। একই ঘটনায় হাকিমের বন্ধু হযরত উদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। নিহত হাকিম আহমেদ খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী এবং দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা পূর্বপাড়ার বাসিন্দা মো. হাসিবুল ইসলামের ছেলে। অসুস্থ হযরত উদ্দিন (২০) একই গ্রামের বিচার উদ্দিনের ছেলে।

হাকিমের চাচাতো ভাই মাসুম জানান, শুক্রবার সন্ধ্যায় হাকিম ও তার বন্ধু গ্রামের একটি লিচু বাগানে বসে অ্যালকোহল পান করেন। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে হাকিম রাত ১০টার দিকে মারা যান এবং হযরত উদ্দিন এখনও গুরুতর অসুস্থ। ঘটনা সম্পর্কে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বিষাক্ত অ্যালকোহল পান করার ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বন্ধু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।