দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ও স্বর্ণের চেইন খোয়ালেন নুরুল ইসলাম নামের এক পশু খাদ্য ব্যাবসায়ী। গত শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় উপজেলা বাজার সংলগ্ন লতিফমোড় এলাকায় এই ঘটনা ঘটে।দৌলতপুর পশু হাসপাতালের সামনে থাকা জিম পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী তার প্রতিষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার সময় বাড়ির গেটের কাছে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা। এবিষয়ে ব্যাবসায়ী নুরুল ইসলাম বলেন, নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে দরজার লাগাতে গেলে একটি মোটরসাইকেলে তিনজন অপরিচিত ব্যক্তি মুরগির বাচ্চা নিবে বলে কথা শুরু করেন।
কথার এক পর্যায়ে তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেই। ব্যাগে আমার ৪ লাখ ৮৭ হাজার টাকা ছিল। পরে আমার স্ত্রী ঘরের বাইরে বের হয়ে এলে তার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নেয়। এসময় আমাদের চিৎকারে বাইরে এলাকাবাসীর এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।এসময় ওই ব্যবসায়ী আরও বলেন, দুটি মোটরসাইকেলে ৬ জন এসেছিল। একটি মোটরসাইকেলে তিনজন বাড়িতে প্রবেশ করে ডাকাতি করে আর বাইরে আরেকটি মোটোরসাইকেলে তিনজন পাহারা দিচ্ছিল। সবাই মুখে হেলমেট ও মুখোশ দিয়ে ছিল তাই চিনতে পারিনি। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাড়িতে এসেছি। পুলিশের সদস্যরা রাতেই ঘটনাস্থলে এসেছিল সিসিটিভি ক্যামেরার ভিডিও নিয়েছে তারা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আউয়াল কবির রাতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা দ্রুত অপরাধীকে ধরতে কাজ করছি।
