দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে তিনটি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটাকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় একটি ইটভাটায় স্কেভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয় এবং সেখানে মজুদ থাকা কাঁচা ইট কিছু ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত কোলদিয়াড় এলাকার মিজানুর রহমান মজনু এর মালিকানাধীন (এমজেবি) ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা,
জয়রামপুর এলাকার মতিউর রহমানের (এমএমবি) ইটভাটাকে ৩ লাখ টাকা এবং চক-মাদিয়া এলাকার শরিফুল ইসলাম সেলিমের (এলএবি) ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানটি পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিল। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।
