দৌলতপুর প্রতিনিধি ॥ গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আজ বিলুপ্তির পথে। তবে এরই ধারাবাহিকতায় গ্রামীণ জনগোষ্ঠী এখন নতুন নতুন খেলাধুলার আয়োজনের দিকে ঝুঁকছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ভারোত্তোলন প্রতিযোগিতা। গ্রামের মানুষের কাছে ভারোত্তোলন খেলা তুলনামূলক নতুন হলেও প্রতিযোগিতাটি দেখতে ছোট-বড় সব বয়সী দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রতিযোগীদের শরীরের ওজন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে এই খেলার আয়োজন করা হয়।
দেশের নামকরা ভারোত্তোলন খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠানটি গ্রামবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। নাবিল হোসেন নামে এক ক্ষুদে দর্শক বলেন, আগে কখনো এমন খেলা দেখিনি। গ্রামে নতুন একটি খেলা দেখতে পেরে খুব ভালো লাগছে। এখন গ্রামে উপভোগ করার মতো তেমন খেলাধুলা হয় না। আরেক দর্শক সাকিব বলেন, দেশসেরা ক্রীড়াবিদদের নিয়ে গ্রামে এ ধরনের আয়োজন আগে কখনো হয়নি। নতুন এই খেলাটি দেখে আমরা সবাই আনন্দিত। আয়োজকদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের খেলাধুলা গ্রামে আরও জনপ্রিয় করে তোলা সম্ভব।
প্রতিযোগিতায় দেশের সেরা ৮ জন ভারোত্তোলন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলায় শরীরের ওজনের সঙ্গে সামঞ্জস্য রেখে কে কত কেজি ওজন তুলতে পারে, তা দর্শকদের সামনে প্রদর্শন করা হয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ শক্তির প্রদর্শন করে আ. ওহাব নামের এক খেলোয়াড় ১৫০ কেজি ওজন তুলতে সক্ষম হন। খেলোয়াড়রা বলেন, দর্শকদের আনন্দ দিতে পারলে আমাদেরও ভালো লাগে। দর্শকদের উৎসাহ পেলে শরীরে নতুন শক্তি ফিরে আসে। উল্লেখ্য, শরীরকে সুস্থ ও সবল রাখতে ভারোত্তোলন একটি জনপ্রিয় ব্যায়াম। বিশেষ করে বাহুর পেশিশক্তি ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে এ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম।
