দৌলতপুরের তিন ইউনিয়নের ভোটারদের উদ্বেগ! - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরের তিন ইউনিয়নের ভোটারদের উদ্বেগ!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর, মরিচা ও চিলমারী ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, এই তিন ইউনিয়নে বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। যার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ ভোটাররা। নির্বাচনের দিন ভোটকেন্দ্রের আশপাশে সন্ত্রাসীদের অবস্থান থাকতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে এলাকায়। বিশেষ করে অস্ত্রের ঝনঝনানি ও সহিংসতার আশঙ্কায় সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকের মধ্যে ভয় কাজ করছে। ধারণা করা হচ্ছে নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে হামলার শিকার হতে পারেন সাধারণ ভোটাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান,বর্তমান পরিস্থিতিতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা নিরাপদ ও সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রে জানাগেছে, ভোটারদের দ্রুত কার্যকরী নিরাপত্তা প্রদানে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রশাসনের ভাষ্যমতে, ভয়ভীতি উপেক্ষা করে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জানতে চাইলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আমাদের কাছে এই ধরণের কোন তথ্য নেই। তবে আমাদের পক্ষ থেকে সাধারণ ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, যাতে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই বিষয়ে জানতে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ’র মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।