এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণতন্ত্রের মানসকন্যা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাদ আসর খলিসাকুণ্ডি ইউনিয়নের শ্যামপুর স্কুল মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, ১৯৮১ সালের ৩০ মে দেশী-বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর কিছু সদস্যদের দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ফলে বিএনপির ক্লান্তি লগ্নে বেগম খালেদা জিয়া ১৯৮২ সালে বিএনপির হাল ধরেন। স্বৈরাচার এরশাদ গণতান্ত্রিক দেশে স্বৈরতন্ত্র কায়েম করে।
বেগম জিয়া দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে আপোষহীন সংগ্রামে রাজপথে নেমে স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১ সালে সরকার গঠনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা করেন। দেশী-বিদেশী ষড়যন্ত্রে এদেশের গণতন্ত্রকে বারবার হত্যা করা হয়েছে। সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনার মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের দমন নিপীড়ন সহ সাধারণ মানুষের মৌলিক অধিকারের পাশাপাশি বাংলাদেশের তিন বারের সফল প্রধানমন্ত্রীর উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
যার ফলশ্রুতিতে ৩০ ডিসেম্বর গণতন্ত্রের মানসকন্যা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু বরণ করেন। সারাদেশে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সকলেই দেশনেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করবেন যেন আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। দোয়া মাহফিলে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
