বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া সদরের জিয়ারখী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জিয়ারখী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নগর মোহাম্মদপুর এলাকাবাসীর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পী।
সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন, জিয়ারখী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন। জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, শহর ছাত্র দলের সাবেক অর্থ সম্পাদক মাহাবুব ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিংকন, সাবেক ছাত্র নেতা রাজিব হোসেন, শহর ছাত্র দলের সহ সভাপতি রাজিব হোসেন, জিয়ারখী ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহাগসহ উপরোক্ত অনুষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মানুষের ভোটাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু দেশনেত্রীর আদর্শ ও নেতৃত্ব কোটি মানুষের হৃদয়ে অটুট থাকবে। শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে তার আদর্শ ধারন করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
