বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কুষ্টিয়া পৌর ০৬ নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাদ মাগরিব হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ০৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনের ধানের শীষের কান্ডারি প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ০৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম শরিফ। সার্বিক সঞ্চালনা করেন, শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ আল হাসান সঞ্জু, জেলা যুবদলের সাবেক সহ সমন্বয়ক শাহনেওয়াজ সুমন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য আবু তালেব, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রশিদ। জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন। পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক হোসেন নান্নু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সহ সভাপতি বকতিয়ার উদ্দিন রানা, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাপ্পী। সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব আশরাফুল ইসলাম, শহর ছাত্র দলের আহবায়ক সজল ইসলাম, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, সদস্য বিপ্লব আলম শান্ত, কবির ইসলাম সজিব, ০৬ ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক রিকু শেখ ও মতি শেখ প্রমূখ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া পরিচালনা করেন হাফেজ মোর্শেদ আলম।
এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, আমরা আজ ভোট চাইতে আসি নাই। কারন ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে, নির্বাচনী আচর বিধি বজায় রাখতে প্রচারনা শুরু হলে আপনাদের কাছে আবার আসবো। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার সুস্থতায় সকলে দোয়া করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত ১৫টি বছর লড়াই সংগ্রাম করেছেন। তিনি ফ্যাসিবাদ, আওয়ামী দোসরদের দ্বারা নির্যাতিত হয়েছেন, স্বামী, সন্তান হারিয়েছেন। সেই মানুষটির আকাঙ্খা পূরন করতে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হোন।
তিনি আরো বলেন, বর্তমানে দেশটা নষ্ট হয়ে আছে, আমাদের উদ্দেশ্য এই নষ্ট হওয়া দেশটা ভালো করা। সমাজে বিভাজিত, ভাগাভাগির মধ্যে রয়ে গেছে, পারস্পরিক আস্থা বিশ্বাস নষ্ট হয়ে আছে, আমরা সে গুলো জোড়া তালি দিয়ে সুন্দর একটা সমাজ করতে চাই। সমাজ, জাতি, রাষ্ট্র গঠন করতে হলে সক্ষমতা দরকার। আর সেই সক্ষমতা নির্ভর করে জনগণের সমর্থন, তাদের ম্যান্ডেট, সেইটা আগামী দিনে আমাদের হাত ছানি দিয়ে ডাকছে। আমাদের উপর আপনারা আস্থা রাখলে আগামী দিনে সেই ভাবে ফয়সালা করবেন। যাতে আমাদের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারি। আপনারা যদি মনে করেন এতে দেশের মঙ্গল হবে, জনকল্যাণকর কাজ হবে, তাহলে আপনারা আমাদের সমর্থন করলে আমরা সেটা করতে পারবো ইনশাআল্লাহ।
এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার সুস্থতায় সকলে দোয়া করবে। তিনি বলেন, এই দেশে যতবার আওয়ামী দোসররা ক্ষমতায় এসেছে ততবারই স্বৈরাচার শাসন করে নির্যাতন চালিয়েছে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, স্বৈরাচার শাসন মুক্ত করেছেন। দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন। আগামী দিনে তাদের সুযোগ্য পুত্র দেশ নায়ক তারেক রহমান আপনাদের সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যে ভাবে বিগত সময়ে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে সমর্থন দিয়েছিলেন, তেমনি ভাবে তারেক রহমান আপনাদের সমর্থন চান।
আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আগামী নির্বাচনের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আমাদেরকে নেতৃত্ব দিবেন। তিনি আরো বলেন, এ দেশের ক্রান্তিকালে যতবার এই দেশ সংকটে পড়েছে, প্রত্যেকটিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবার এই দেশকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেছে। বর্তমানে দেশকে সংকট থেকে উত্তরণ করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা একান্ত কাম্য। তাই আল্লাহর কাছে আমাদের একটাই চাওয়া দেশনেত্রী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাআল্লাহ।
