কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের অদম্য মেধাবী ছাত্রী সোনালী খাতুন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। অতিদরিদ্র পরিবারের সন্তান সোনালী খাতুন দারিদ্র্যের কঠিন বাস্তবতাকে জয় করেই এই সাফল্য অর্জন করেছেন। তার বাবা মোঃ রবিউল ইসলাম পেশায় একজন রিকশাচালক। সীমিত আয়ের কারণে মেয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি জোগাড় করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
এমন পরিস্থিতিতে বিষয়টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের-এর নজরে আসে। সংগঠনটি তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোনালী খাতুনের পাশে দাঁড়ায়। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে সোনালী খাতুনকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ক্রেস্ট প্রদান এবং ভর্তি ফি বাবদ এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল এবং কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সোনালী খাতুনের মতো শিক্ষার্থীরা প্রতিকূলতার মাঝেও কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে যে সাফল্য অর্জন করেছে, তা সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক। এদিকে সোনালী খাতুনের এমন সাফল্যে স্থানীয় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
