বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে রেজিস্ট্রেশনবিহীন বালিবোঝাই ডাম্প ট্রাক উল্টে ৭ ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ডাম্প ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলা সাগরখালী ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন ডাম্প ট্রাকের চালক সেলিম আহম্মেদ (৩২) এবং চালকের সহকারী (হেলপার) হৃদয় হোসেন (২০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী বালু বোঝায় একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠে যায়।
পরে গাড়িটি উল্টে সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকে। এতে সড়কের উভয় দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী যান ও জরুরি সেবার গাড়িগুলো আটকা পড়ে। ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৫টার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারসহ যানজট নিরসনে কাজ করে। গতকাল সকাল ১১টার সময় কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সময় গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
