জিয়াউর রহমানের দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা অনুসরণ করে আমাদের পথ চলা: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জিয়াউর রহমানের দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা অনুসরণ করে আমাদের পথ চলা: প্রকৌশলী জাকির সরকার   

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জিয়া স্মৃতি পাঠাগার কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮ টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও প্রধান বক্তা ছিলেন, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুষ্টিয়া জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সার্বিক তত্বাবধানে ছিলেন এ সংগঠনের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মাহাবুব আলম বিশু, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু এবং বর্তমান সদস্য আব্দুল মঈদ বাবুল ও আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন। এছাড়া সভায় জিয়া স্মৃতি পাঠাগারের অন্যান্য সদস্য, জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। তিনি এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি সংকটময় সময়ে জাতিকে নেতৃত্ব দিয়েছেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর স্বাধীনতার ঘোষণা এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছিল। যুদ্ধোত্তর সময়ে তিনি রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা, সুশাসন ও উৎপাদনমুখী অর্থনীতির যে দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও আমাদের জন্য অনুকরণীয়। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন-বাংলাদেশ গড়ে উঠবে গ্রাম থেকে। তাই কৃষি, শিল্প, শিক্ষা ও কর্মসংস্থানের ওপর তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। আগামী দিনে, তাঁর সততা, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা অনুসরণ করেই আমাদের রাজনৈতিক পথচলা অব্যাহত রাখতে হবে।