জামায়াত প্রার্থীসহ দলীয় নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জামায়াত প্রার্থীসহ দলীয় নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বিপুল ভোটে বিজয়ী হাওয়ায় সারাদিন দৌলতপুরের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা কর্মীদের ভীড় লক্ষ্য করা যায় তার বাসভবনে। এসময় নেতা কর্মীরা তাঁকে ফুলের তোড়া ও মালা পরিয়ে উষ্ণ অভিনন্দন জানান। বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জামায়াতের প্রার্থী মোঃ বেলাল হোসেন রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার বাসভবনে এসে ফুলেল শুভেচ্ছা জানান ও একে অপরের সাথে মতবিনিময় করেন। বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ধানের শীষে ভোট পেয়েছেন এক লাখ পঁয়ষট্টি হাজার পঁচাশি ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মোঃ বেলাল হোসেন দাঁড়ি পাল্লা প্রতীকে পেয়েছেন পঁচাশি হাজার পঁচাশি ভোট।

আশি হাজার ভোটের ব্যবধানে বিজয়ী করায় দলীয় নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা সকলেই অক্লান্ত পরিশ্রম করে আমাকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। তিনি নেতা কর্মীদের অনুরোধ করে বলেন আপনারা খেয়াল রাখবেন আমাদের এই আনন্দ যেন বিষাদে পরিনত না হয়। কোনো এলাকায় যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। কোথাও কোনো আনন্দ মিছিল মিষ্টি বিতরণ না করার অনুরোধ করে বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে তাই পরাজিত প্রার্থীরা মনে ব্যাথা পায় এমন সকল কাজ থেকে বিরত থাকতে হবে। কেউ কোথাও বিশৃঙ্খলা ঘটালে কোনো প্রকার ছাড় দেয়া হবে বলেও জানান সদ্য নির্বাচিত রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। আমি শুধু বিএনপি’র সংসদ সদস্য না, আমি দৌলতপুরের সমস্ত জনগণের সংসদ সদস্য।

তিনি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিনন্দন জানিয়ে বলেন, আমি দৌলতপুরের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করছি কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, করলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি এখন দৌলতপুরের সমস্ত মানুষের সংসদ সদস্য। এরআগে দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অনিন্দ গুহ ঘোষিত ফলাফলে ১৩৫ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লক্ষ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মো. বেলাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট এবং তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপি’র বহিস্কৃৃত স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা মোটরসাইকেল প্রতীকে ১৭ হাজার ৮১২ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের ৩টি আসনেই জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। একমাত্র কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শুক্রবার সকাল থেকেই নবনির্বাচিত এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার তারাগুনিয়াস্থ বাসভবন চত্বরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনতার ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।