কুমারখালী প্রতিনিধি ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ৪ আসনে দাঁড়িপাল্লা মার্কায় বিশাল গণমিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী মো. আফজাল হোসাইন। গতকাল শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কুমারখালীর তরুন মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি খোকন মোড়, হল বাজার, গনমোড় হয়ে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী পৌর টার্মিনালে এসে শেষ হয়। এতে অন্তত ৫ থেকে ৭ হাজার নেতাকর্মীদের সমাগম ঘটে। এরপর টার্মিনাল এলাকায় দুই লেন সড়কের দক্ষিণপার্শ্ব আটকে রেখে প্রায় ঘন্টাব্যাপী সমাবেশ করেন তারা।
সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন। সমাবেশে উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া, খোকসা উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, কুমারখালী পৌর জামায়াতের আমীর এ্যাড: রবিউল ইসলাম প্রমূখ। প্রত্যক্ষদর্শীরা জানায়, দাঁড়িপাল্লার গণমিছিল উপলক্ষ্যে শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে তরুনমোড় এলাকায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে প্রায় ৫ থেকে ৭ হাজার নেতাকর্মী উপস্থিত হলে সকাল ১১টার দিকে বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি খোকন মোড়, হলবাজার, গণমোড়, থানামোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী পৌর টার্মিনাল এলাকায় এসে শেষ। পরে সেখানে সড়কের একপাশ আটকে রেখে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন তারা। স্থানীয়দের ভাষ্য, শনিবার সপ্তাহিক হাট।
হাটের দিন জামায়াতের বিশাল গণমিছিল হওয়ায় শহরে ব্যাপক যানযট ও ভোগান্তি সৃষ্টি হয়। এছাড়াও মহাসড়কের একপাশ আটকে সমাবেশ করায় ভোগান্তিতে পড়েন পথচারীরা। দুপুরে কুমারখালী পৌর টার্মিনাল এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, পূর্ব – দক্ষিণপাশের আঞ্চলিক মহাসড়কের ওপর ছোট্ট মঞ্চ। পাশেই চেয়ারে বসে আছেন নেতারা। মঞ্চের সামনে সড়কজুড়ে দাঁড়িয়ে ও বসে আছেন হাজার হাজার নেতাকর্মীরা সমর্থকরা। তখন প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের মনোনিত প্রার্থী আফজাল হোসাইন বক্তব্যে তিনি বলেন, ‘ একটি দল জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করছে। জামায়াতে কখনও জান্নান বেচে না। জান্নাতের মালিক আল্লাহ। আজকের গণমিছিল গণজাগরণে পরিনিত হয়েছে। জামায়াতের বিজয় শতভাগ নিশ্চিত। জামায়াতে ক্ষমতায় গেলে দেশে কোনো চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, জুলুম থাকবেনা। কুমারখালী – খোকসায় শিল্প নগরী গড়ে তোলা হবে।’ গণমিছিলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে কি না? এমন প্রশ্নের উত্তরে আফজাল হোসাইন বলেন, দেশে যখন হরতাল চলেছে, তখনও দেশের মানুষ মেনে নিয়েছে। আশা করছি দেশের কল্যাণে আজকের সংক্ষিপ্ত সমাবেশ জনগণ মেনে নিয়েছে।
