জনগণের পাশে থেকে কাজ করতে চাই: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জনগণের পাশে থেকে কাজ করতে চাই: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের এন এস রোডে অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) পুড়ে যাওয়া দোকানটি পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। গত বুধবার দিবাগত রাতে কমরেড রওশন আলী মার্কেটে টেইলার্সের দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ফেরদৌস ইসলাম জানায়, ইলেকট্রিক শর্ট সার্কিটে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।

পুড়ে যাওয়া দোকান পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার দোকান মালিকের সাথে কথা বলেন এবং তার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। তিনি বলেন, এই কঠিন সময়ে আমরা তার পাশে আছি। ব্যক্তিগত ও দলীয়ভাবে সহযোগিতার চেষ্টা করব। একজন পরিশ্রমী মানুষ যেন আবার ঘুরে দাঁড়াতে পারে, সেটাই আমাদের চাওয়া। তবে শহরের মার্কেটগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিকায়ন ও নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা করা জরুরি। এসময় জাকির হোসেন সরকার আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল। তিনি জনগণের বন্ধু ছিলেন। তিনি শাহাদাৎ বরণ করলে দলের হাল ধরেছিলেন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে নেতৃত্ব দিয়েছেন।

তিনবার দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ইচ্ছে করলেই প্রচুর ধন সম্পদের মালিক হয়ে বিদেশে বাড়ি গাড়ির মালিক হতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে, স্বামীর আদর্শ বুকে ধারন করে জনগণের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। কোন লোভ তাকে স্পর্শ করতে পারে নি। আজ তিনি আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে জাতি আজ শোকাহত। তাকে শেষ বিদায় জানাতে জানাযা নামাজে কোটি মানুষ অংশ নিয়েছিলো। একজন মানুষের প্রতি ভালোবাসা না থাকলে কখনো এমন মর্যাদা পাওয়া সম্ভব নয়। বিশাল এই জনপ্রিয়তার মূলে ছিলো, দৃঢ়তা, সততা, দেশপ্রেম সর্বোপরি জনগণের প্রতি ভালোবাসা। তিনি আরো বলেন, আগামী দিনে তার নীতিকে অনুসরন করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের অবস্থান থেকে জনগণের পাশে থেকে কাজ করতে চাই। এই সহানুভূতিমূলক উপস্থিতি ফেরদৌস ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সাহস ও আশার আলো জাগিয়েছে।