মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে পরিবার প্রতি ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরণ করা হয়। গতকাল রবিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে ছাতিয়ান ইউনিয়নে চাল বিতরণের শুভ উদ্বোধন করা হয়। বিতরনের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন। এসময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তদারকি করেন ট্যাগ অফিসার কৃষি কর্মকর্তা উপ সহকারী সাইফুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, এ ইউনিয়নে ১২১০ জন ভুক্তভোগীর মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
চাল বিতরণের সময় সার্বিক কাজে সহায়তা করেন ইউনিয়নের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। এসময় ছাতিয়ান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইউনিয়নের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ভুক্তভোগীরা ১০ কেজি চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া চেয়ারম্যান কবির হোসেন বলেন, সরকারের এই ভিজিএফ কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। বিশেষ করে উৎসব ও দুর্যোগের সময় এসব খাদ্য সহায়তা মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করে। এদিকে উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি এই সহায়তা তাদের জন্য অনেক উপকারী। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় প্রশাসন জানায়, স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
