চুয়াডাঙ্গা প্রতিনিধি \\ চুয়াডাঙ্গার জীবননগরে নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার আইনে তিনটি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এছাড়া অভিযানে লাইফ কেয়ার থেরাপি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যলয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। সজল আহমেদ জানান, জীবননগর উপজেলা শহরে নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনাসহ নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় জীবননগর শহরের হাসপাতাল এলাকার অংকন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় নির্দিষ্ট নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় অংকন ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের মালিক আসাদুজ্জামান রিপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আল হেরা ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও অন্যান্য মেডিসিন পাওয়া যায়। ল্যাবের ফ্রিজে কাচা মাংস রাখা, বিভিন্ন টেস্টের জন্য নির্ধারিত টেকনিশিয়ান ব্যতিত টেস্ট করার প্রমাণও পাওয়া যায়। এ সময় মেসার্স আল হেরা ডায়াগনস্টিক সেন্টারের মালিক নুরুল আমিনকে ৩০ হাজার টাকা এবং মেসার্স লাইফ কেয়ার ডক্টর’স চেম্বার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা ও সেবার মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪৫ ধারায় মেসার্স লাইফ কেয়ার ডক্টর’স চেম্বারের মালিক রোকিনুজ্জামান তাছিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানটিকে এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোস্তাফিজুর রহামন, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমানসহ জীবননগর থানার এস আই সৈকতের নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।
