দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীনের নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে দৌলতপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মডেল মসজিদ চত্বরে গিয়ে সমবেত হয়। গণমিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন এমপি প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন। পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ দৌলতপুর জামায়াতের স্থানীয় নেতা কর্মীরা।
সমাবেশে বক্তব্য প্রদানকালে মাওলানা বেলাল উদ্দীন বলেন, মহান আল্লাহ তায়ালা যদি বাংলাদেশ জামায়াতে ইসলামকে দেশ শাসনের দায়িত্ব পালনের সুযোগ দেন, তবে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বন্ধ করে সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, মানুষের মৌলিক অধিকার এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান-আকিদা রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা আল্লাহর ওপর ভরসা করে এ প্রয়াস অব্যাহত রেখেছি।
সমাবেশে মাওলানা বেলাল উদ্দীন ঘোষণা দিয়ে বলেন, দৌলতপুরসহ সারা দেশে কঠোর হাতে দুর্নীতি দমন, চাঁদাবাজি বন্ধ এবং সকল অপরাধ নির্মূল করে একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করা হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। শিক্ষার মানোন্নয়ন এবং দৌলতপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে দীর্ঘদিনের ত্রাসের পরিবেশ দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে নদীর ওপর একটি সেতু নির্মাণ করে দৌলতপুরকে একটি সুখী ও সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তর করা হবে ইনশাআল্লাহ। সমাবেশের শেষে মাওলানা বেলাল উদ্দীন আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
