নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র বর্তমান সভাপতির ছত্রছায়ায় ভূমি অফিসের জায়গা দখল করে দোকান নির্মাণ করায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায় ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে শামীম ইউনিয়ন বিএনপি’র বর্তমান সভাপতি আলফাজ হোসেনের প্রত্যক্ষ সহযোগিতায় ভূমি অফিসের জমি দখল করে দোকান ঘর নির্মাণ করছে। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। তারা সরকারি সম্পত্তির উপর অবিলম্বে দোকান নির্মাণ বন্ধ করার জন্য জেলা প্রশাসক ও সদর উপজেলা পরিষদের ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে স্বৈারাচারের শাসনামলে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরজু এই সরকারি সম্পত্তি শামীমের কাছে মোটা অংকের টাকায় বিক্রি করেন। এ ব্যাপারে শামীম ও আলফাজের সাথে যোগাযোগ করে মোবাইলে বক্তব্য নেয়ার চেষ্টা করলেও তারা মোবাইল রিসিভ করেননি। এলাকাবাসী জানিয়েছে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করা না হলে এলাকায় যে কোন সময় চরম অশান্তি সৃষ্টি হতে পারে।
