বিশেষ প্রতিনিধি ॥ গুরুকুলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি’র হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর দপ্তর এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ মেজবাহুর রহমান, জেবিএমআর ইন্ডাস্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান মোহাম্মদ বনি ইসরাইল সিদ্দিকী এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন গুরুকুল কুষ্টিয়া এর সহকারী পরিচালক তানভীর মেহেদী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের সম্মানিত অতিথির বক্তব্যে বক্তারা বলেন,এই দিনটি আমাদের গুরুকুল প্রতিষ্ঠানের জন্য সত্যিই এক বিশেষ দিন।কারণ আমরা একদিকে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছি, অন্যদিকে বিদায়ী শিক্ষার্থীদের নতুন জীবনের পথে বিদায় জানাচ্ছি।তোমাদের নতুন যাত্রার শুরু। তোমরা গুরুকুল পরিবারের সদস্য হিসেবে একটি নৈতিক, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক পরিবেশে পথচলা শুরু করলে।
মনে রাখবে। জ্ঞান অর্জন শুধু পরীক্ষার খাতায় সীমাবদ্ধ নয়, বরং মানবিকতা, দায়িত্ববোধ এবং চরিত্রগঠনের মধ্য দিয়েই সত্যিকারের শিক্ষা সম্পূর্ণ হয়। তোমাদের স্বপ্ন, পরিশ্রম ও প্রতিজ্ঞাই ভবিষ্যৎকে আলোকিত করবে।বিদায়ী শিক্ষার্থীরা উদ্দেশ্যে বলেন তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ শেষ হতে চলেছে। সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে আরও বৃহৎ দায়িত্ব, প্রয়াস ও সম্ভাবনার পথ।এই প্রতিষ্ঠানের নাম ও মূল্যবোধকে ধরে রাখবে।ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করবে। অনুষ্ঠানে গুরুকুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য, আবৃত্তি, গান ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, উপভোগ্য ও শিক্ষামূলক।
