গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা ছিল ছাত্রদলের: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা ছিল ছাত্রদলের: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১১, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগাস্থ নুরুজ্জামান অডিটোরিয়ামে গতকাল শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় দৌলতপুর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আফ্ফান আলী, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুনতাসির মামুন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মুজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাত। দৌলতপুর ছাত্রদলের অবহায়ক মাসুদুজ্জামান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, দেশের ক্রান্তিলগ্নে গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে।

ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯ গণঅভ্যুত্থান, দেশের স্বাধীনতা যুদ্ধে, স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে এবং সর্বশেষ জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল অগ্রগণ্য। যুগে যুগে ছাত্ররাই দেশের নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় তাদের জীবন দিয়ে অধিকার প্রতিষ্ঠা করেছে। আমি মনে করি আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তাদের প্রতিভার এবং কার্যকরী ভূমিকার স্বাক্ষর রাখবে। দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রকিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় আগত প্রশিক্ষকগণ আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের কি ভূমিকা থাকা উচিত সে বিষয়ে তাদের মূল্যবান দিক নির্দেশনামূলক  বক্তব্য রাখেন। কর্মশালায় দৌলতপুরের বিভিন্ন কলেজ শাখা এবং ইউনিয়ন শাখার ছাত্রদলের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।