পুলক সরকার ॥ কুষ্টিয়ার খোকসার প্রায় ৬’শত বছরের অধিক সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী কালীপুজা মেলার অনুমতি না পাওয়ার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মেলা এবার আর অনুষ্ঠিত হচ্ছে না। আজ রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে মহিষ ও পাঠা বলির মধ্যে দিয়ে মেলাটি শুরু হওয়ার কথা ছিল। পনের দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। খোকসা পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কালীবাড়ি মন্দির মাঠে আয়োজন করা হতো এ উৎসবের। প্রতিবছর মাঘ মাসের অমাবস্যা তিথিতে এ পূজার আয়োজন করা হয়। কালীপূজা ও গ্রামীণ মেলা এই জনপদের মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন। সরেজমিন গেলে দেখা যায়, অতিতের রেকর্ড ভেঙে এবারে ঐতিহ্যবাহী এই মেলার মাঠ এবার স্টল শূন্য।
পুজো হলেও, হচ্ছে না মেলা। স্থানীয়রা বলছেন, চলতি বছর ছিল মেলাটির ৬১৬ তম আয়োজন। এদিকে মেলার অনুমতি না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাদের ভাষ্য, এটি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন হলেও বাস্তবে সব ধর্ম ও শ্রেণির মানুষের মিলনমেলায় পরিণত হতো এই মেলা।পুরো উপজেলায় কয়েক দিন ধরে আনন্দ বিনোদনের পরিবেশ তৈরি হয়। এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোতালেব হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘অনুমতি দেবে তো কতৃপক্ষ, ডিসি, ডিসি স্যার দেয় অনুমতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, ‘ এবিষয়ে আমি কিছু জানিনা । তবে আমার জানামতে অনুমতির জন্য আবেদন করেছিলো। অনুমতির জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হয়। তদন্ত যদি পজেটিভ হয় তাহলে অনুমতি দেয়া হয়।
