খোকসায় হিজবুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় হিজবুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৬, ২০২৬

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় আনোয়ার খান ফাউন্ডেশনের আয়োজনে হিজবুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় খোকসা উপজেলা অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আলহাজ্ব মোঃ আনোয়ার খান। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শোমসপুর আবু জাফরিয়া মাদ্রাসার শিক্ষার্থী তামীম হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন নিশ্চিন্তবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী তোফায়েল আহমেদ এবং তৃতীয় স্থান অধিকার করেন জামিয়াতুল উম্মিল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ওমর ফারুক।

প্রথম স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মোট ৫ জনকে পুরস্কৃত করা হয়। এ প্রতিযোগিতায় মোট ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা হিজবুল কোরআন বোর্ডের সভাপতি মুফতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মুফতি রাকিবুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ গোলাম মাওলা, হাফেজ আতাহার আলী ও হাফেজ আব্দুল জাব্বার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত পরিবেশন করলে উপস্থিত বিচারক ও অতিথিরা মুগ্ধ হন। প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আনোয়ার খান বলেন, “পবিত্র কোরআনের শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে এবং শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষায় উৎসাহিত করা হবে।” এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।