খোকসায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৩, ২০২৬

পুলক সরকার ॥ ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। দিবসটি সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে খোকসা মুক্তিযোদ্ধা সংসদের শহীদ বেদি ও খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এসময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত শহীদ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের এই আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা আজ রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে এবং বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে।