খোকসায় পেঁয়াজের ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় পেঁয়াজের ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১০, ২০২৬

মিলন, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের জাগুলবা গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে পেঁয়াজের ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল ধ্বংস করার অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাহিড়ী খান নামের এক কৃষক। সরেজমিনে গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কৃষক লাহিড়ী খানের প্রায় ২৫ কাঠা জমির পেঁয়াজ ক্ষেতের অধিকাংশ গাছ নষ্ট হয়ে গেছে। মাথায় হাত দিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায় ভুক্তভোগী কৃষককে। এ বিষয়ে লাহিড়ী খান জানান, তার জমিতে পেঁয়াজ চাষ করতে প্রায় এক লক্ষ টাকা ব্যয় হয়েছে।

এ ক্ষেত থেকে দেড় শত মণ পেঁয়াজ উৎপাদনের আশা ছিল, যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে তার সব পরিশ্রম নষ্ট করে দিয়েছে। স্থানীয় কৃষকরা জানান, পূর্ব শত্রুতার জের ধরেই কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান ভুক্তভোগী কৃষক। এ বিষয়ে খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। তবে আমি এখনই আমাদের স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শনের ব্যবস্থা করছি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত কৃষক দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।