মিলন, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের তিন দিন পর ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খোকসা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মডেল টাউন নামের একটি বেসরকারী আবাসন প্রকল্প থেকে নিখোঁজ ভ্যানচালক আজাদের মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের পরনের নীল রঙের টাওজার, ছাই রঙের জ্যাকেট ও লাল রঙের চাদর দেখে নিহত ভ্যান চালকের ছেলে রিপন হোসেন তার বাবার মৃতদেহ সনাক্ত করে। মৃতদেহটি একটি জমির সীমানা প্রাচীরের মধ্যে বালি দিয়ে চাপা দেওয়া ছিল। নিহত আজাদকে জবাই করে হত্যা করা হয়েছে। তিনি শিমুলিয়া ইউনিয়নের বিলজানি চরপাড়া গ্রামের বক্কারের ছেলে। স্থানীয়রা জানায়, বিকালে কয়েকটি কুকুর বালির নিচে থেকে মৃতদেহের আংশিক তুলে ফেলে।
এ সময় এলাকায় প্রচন্ড দুগন্ধ ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে উৎসুক নারী পুরুষ মৃতদেহ ঘিরে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে বালির নিচে থেকে মৃতদেহটি উদ্ধার করে। নিহত ভ্যান চালকের ছেলে রিপন হোসেন জানান, গত ২৯ জানুয়ারি বুধবার আনুমানিক রাত ৮ টার দিকে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হওয়ার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে মৃত আজাদের স্ত্রী বলেন, আমার স্বামী রাত্রে ভ্যান বিভিন্ন জায়গায় ভাড়া মেরে বেড়ায়, তবে কারো সাথে কোন শত্রুতা না থাকলেও আমাদের বিলজানি এলাকার এক গাজা ব্যবসায়ীর সাথে আমার স্বামীর মারামারি হয়। পরে তারা ওই গ্যাঞ্জামের সূত্র ধরে আমার স্বামীর ভ্যান আটক করে সাত হাজার টাকা জরিমানা করেন। তারপরে সেই টাকা দিয়ে আমি ভ্যান ও আমার স্বামীকে উদ্ধার করি।
পরবর্তীতে কি হয়েছে তা আর জানিনা আমার স্বামী ও নেই ভ্যানও নেই। এভাবে হাউমাউ করে লাশের পাশে কানতে থাকেন তার স্ত্রী। এ বিষয়ে স্থানীয়রা বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে আমার সন্তানেরা এখানে খেলাধুলা করছিল এক পর্যায়ে কুকুর এসে লাশটি টানাটানি করছিল, আমরা তখনই দুর্গন্ধ পেয়ে থানা পুলিশকে খবর দিই। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে উদ্ধার কাজ চালায়, ২ ঘন্টা পর লাশটি তার পরিবার সনাক্ত করতে পেরেছে। তার বাড়ি খোকসা বিলজানি নামক স্থানে তার নাম আজাদ (৪৫) তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে লাশটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে যারা এই হত্যা কান্ডের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
